
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুুটি শুরুর আগে শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা নাকি বন্ধ থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে লেজেগোবরে অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
দিনভর অধিদপ্তরে এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নিতে না পেরে বিকেলে তা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার খোলা নাকি বন্ধ থাকবে; তা নিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিসসমূহ খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশ জারির পর বিষয়টি নিয়ে জানতে চাইলে অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এ নির্দেশনার মাধ্যমে বোঝানো হয়েছে যে, শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ দিন যথারীতি ক্লাসসহ অন্যান্য কার্যক্রম চলবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী—দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। বিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে কোমলমতি প্রায় এক কোটি শিক্ষার্থী।
এএএইচ