দেশের স্কুল ও কলেজগুলোর মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য র্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের ফলাফলসহ কয়েকটি নির্দিষ্ট সূচকের ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হবে।
সভায় তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন ব্যবস্থা চালু করেছিলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তার সেই উদ্যোগ শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।দৈনিক জনকণ্ঠ